রাজশাহীতে বিএনপি নেতার মৃত্যু, পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনু

শোকাহত পরিবারকে সান্ত্বনা, ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মহানগরীর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম শহীদ আলম শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে তিনি মরহুমের বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং শহীদ আলম শহীদের রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করে আবেগাপ্লুত হন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, শহীদ আলম শহীদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। তাঁর মৃত্যুতে ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয় সাধারণ মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়াডাংগা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, বর্তমান সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রিংকু, কাশিয়াডাংগা থানা যুবদলের সাবেক আহ্বায়ক আনারুল ইসলাম এবং থানা ছাত্রদলের আহ্বায়ক মমিনুল ইসলাম রনি।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শহীদ আলম শহীদ মৃত্যুবরণ করেন।