এসএসসি ঘিরে রাজশাহীতে কড়া নির্দেশনা

এসএসসি ঘিরে কড়া বার্তা: রাজশাহীতে কেন্দ্র সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।
মুরাদুল ইসলাম সনেট: আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছভাবে আয়োজনের লক্ষ্যে রাজশাহীতে কেন্দ্র সচিবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
সভায় তিনি কেন্দ্র সচিবদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, পরীক্ষা ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। নকল প্রতিরোধ, প্রশ্নপত্রের নিরাপত্তা ও পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য আব্দুল বারী সরদার, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান এবং জেলা পরিষদ, রাজশাহীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম।
বিশেষ অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন কেন্দ্রের সচিবরা অংশ নেন। তারা পরীক্ষাকেন্দ্র পরিচালনার বিভিন্ন দিক, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশল নিয়ে মতামত তুলে ধরেন।
সভা থেকে জানানো হয়, পরীক্ষার সময় প্রশ্নফাঁস রোধ, ভুয়া পরীক্ষার্থী শনাক্তকরণ এবং প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এবারও রাজশাহী অঞ্চলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরীক্ষা আয়োজন সম্ভব হবে।







