আলোচনা ভেস্তে গেলে হামলার হুমকি ট্রাম্পের

পাকিস্তান বৈঠক ঘিরে উত্তেজনা, ইরানকে কঠোর বার্তা ওয়াশিংটনের।
মধ্যপ্রাচ্যকে ঘিরে, আবারও উত্তেজনা বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালাতে পারে ইউ এসে এ নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পাকিস্তান এ অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠক থেকে কোনো কার্যকর চুক্তি না এলে পরিস্থিতি দ্রুত সামরিক সংঘাতে রূপ নিতে পারে।
তিনি দাবি করেন, ইতোমধ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বর্তমানে সামরিক সক্ষমতা নতুন করে সাজানোর এক ‘পুনর্বিন্যাস’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তার দাবি, এই প্রস্তুতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী ও ভয়াবহ।
প্রয়োজনে এই শক্তি ব্যবহার করতে যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আসন্ন বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
একদিকে ইরান তাদের শর্তে অনড় অবস্থানে রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চাপ বাড়াচ্ছে সামরিক ও কৌশলগত দিক থেকে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়বে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারসহ আন্তর্জাতিক রাজনীতিতে গভীরভাবে পড়তে পারে।






