সংসদে নথি না পেয়ে ক্ষোভ, ‘দেখেই বুঝেছে সরকার’

বাজেট বিল পাসের পর বিরোধীদলীয় নেতার তির্যক মন্তব্য: নথি না বুঝে ভোট দেওয়া ‘অপরাধ’
টুইট প্রতিবেদক: জাতীয় সংসদে অর্থবছরের বাজেটসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পাস হলেও প্রক্রিয়াগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অধিবেশন শুরুর আগে প্রয়োজনীয় নথি সরবরাহ না করায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি দল হয়তো খুব মেধাবী, তাই কাগজ দেখেই সব বুঝে ফেলেছে।”
শুক্রবার বিকেলে ‘অর্থ ২০২৫-২০২৬ অর্থবছর বিল, ২০২৬’ সর্বসম্মতিক্রমে পাসের পর স্পিকারের অনুমতি নিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যপ্রণালীর ঘাটতির বিষয়টি সামনে আনেন।
বিরোধীদলীয় নেতা জানান, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আগেই দুটি বিষয়ে অনুরোধ করা হয়েছিল,সব অধ্যাদেশ সংসদে উপস্থাপন এবং অন্তত একদিন আগে সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ।
কিন্তু বাস্তবে অধিবেশন চলাকালেই টেবিলে বিপুল নথি দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব হয়নি।
তিনি বলেন, “আমি অর্থনীতির ছাত্র নই। এতগুলো নথি একসঙ্গে দিয়ে দিলে তা বুঝে সিদ্ধান্ত নেওয়া কঠিন। না বুঝে ‘হ্যাঁ’ বলা যেমন অপরাধ, তেমনি না বুঝে ‘না’ বলাও দায়িত্বজ্ঞানহীন।”
এসময় তিনি পরোক্ষভাবে সরকারি দলের সদস্যদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, তারা হয়তো অত্যন্ত মেধাবী হওয়ায় কাগজ দেখেই বিষয়বস্তু বুঝে ফেলতে সক্ষম হয়েছেন।
তবে বিরোধী দলের পক্ষে এমন পরিস্থিতিতে সঠিক অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়ে বলেও উল্লেখ করেন।
সংসদীয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগাম নথি সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।
তার এ বক্তব্য সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দেয়।






