জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

শহীদ পরিবার ও অংশগ্রহণকারীদের কল্যাণে রাষ্ট্রীয় কাঠামো জোরদার, সংসদে সর্বসম্মত সমর্থন।
টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণ নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৬’ বিল পাস হয়েছে।
শুক্রবার বিকেলে সংসদের অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি অনুমোদন পায়, যা সংশ্লিষ্টদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সুপ্রতিষ্ঠিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই এই আইনের মূল লক্ষ্য।
সংসদ সূত্রে জানা গেছে, বিলের আওতায় শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা সুবিধা, শিক্ষা সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে।
পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
বিলটি উত্থাপনের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে দেন।
এ সময় উপস্থিত সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ ধ্বনির মাধ্যমে বিলের পক্ষে তাদের সমর্থন জানান, ফলে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
বিশ্লেষকদের মতে, এই আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত হবে।
তবে এর বাস্তব প্রয়োগ, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি অর্থায়ন কাঠামো এখন বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসবে।
এদিকে, বিল পাস হওয়ায় সংশ্লিষ্ট মহলে স্বস্তি প্রকাশ করা হলেও দ্রুত বিধিমালা প্রণয়ন ও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে।






