পুনর্নির্বাচনের দাবি জামায়াতের, রাজপথে আন্দোলনের ঘোষণা

বগুড়া ও শেরপুরে অনিয়মের অভিযোগ, নির্বাচন বাতিলের আহ্বান।

টুইট ডেস্ক: বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার অভিযোগ তুলে ওই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

কারচুপি ও জাল ভোটের অভিযোগ’

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে কারচুপি ও জাল ভোটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করছেন, যা তিনি ‘নির্লজ্জতা’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, গতকালের নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে, দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সরকারের সমালোচনা ও আন্দোলনের হুঁশিয়ারি

বিএনপি সরকারের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সরকার যে পথে এগোচ্ছে তা দেশের জন্য সর্বনাশ ডেকে আনবে। তিনি অবিলম্বে এ পথ থেকে সরে আসার আহ্বান জানান।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “৫ কোটি মানুষ ভোট দিয়ে সব দ্বিমত বাতিল করে দিয়েছে, তাই গণভোটের রায় মানতেই হবে।”

রাজপথে কর্মসূচির ঘোষণা

মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, বর্তমান সংকট সমাধান না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, তারা কখনোই পরিস্থিতি রাজপথে নিতে চাননি, তবে বাধ্য হলে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।