১৪ বছর পর এভারেস্ট জয়ের পথে বাংলাদেশি নারী নুরুন্নাহার নিম্নি

নতুন অভিযানে যাচ্ছেন, লক্ষ্য বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়

টুইট ডেস্ক: ২০১২ সালে এক সপ্তাহের ব্যবধানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছিলেন দুই বাংলাদেশি নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন। দীর্ঘ ১৪ বছর পর সেই রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে আবারও এভারেস্ট অভিযানে যাচ্ছেন পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি।

নেপালের পথে যাত্রা

আগামী ১১ এপ্রিল তিনি ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা দেবেন। কাঠমান্ডু হয়ে লুকলা পৌঁছে সেখান থেকে এভারেস্ট বেসক্যাম্পে যাবেন তিনি। নেপালের একটি পর্বতারোহণ সংস্থার সঙ্গে তার এই অভিযান প্রায় ৫০ দিনের।

শৃঙ্গে ওঠার সম্ভাব্য সময়

সাধারণত মে মাসের ১৫ থেকে ২৩ তারিখের মধ্যে আবহাওয়া অনুকূলে থাকলে শৃঙ্গে আরোহণের চেষ্টা করা হয়। ফলে এই সময়কালেই তার এভারেস্ট জয়ের চূড়ান্ত অভিযান সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাহাড়ের প্রতি টান শৈশব থেকেই

এভারেস্ট জয়ের স্বপ্ন কবে থেকে-এ প্রশ্নের জবাবে নুরুন্নাহার নিম্নি জানান, ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রথম বর্ষে পড়ার সময় থেকেই তার পাহাড়ের প্রতি আগ্রহ তৈরি হয়। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে প্রথম অভিজ্ঞতা থেকেই এভারেস্ট জয়ের স্বপ্ন শুরু।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন বান্দরবানের পাহাড়ে ঘুরে। যদিও তার বাড়ি রংপুরে, ছুটিতে বাড়ির চেয়ে বেশি যেতেন পাহাড়ে।

প্রশিক্ষণ ও প্রস্তুতি

চাকরিজীবনে যুক্ত হওয়ার পরও পাহাড়ের প্রতি আগ্রহ কমেনি বরং আরও বেড়েছে বলে জানান তিনি। ভুটান, সিকিম ও নেপালের বিভিন্ন পাহাড়ে ট্রেকিংয়ের অভিজ্ঞতা তাকে এভারেস্ট অভিযানের দিকে এগিয়ে নেয়।

২০১৯ সালে নেপালের অস্ট্রেলিয়ান ক্যাম্প ট্রেকিং শেষে তিনি এভারেস্ট বেসক্যাম্পে পৌঁছান। সেই অভিজ্ঞতাই তাকে পর্বতারোহণে আরও সিরিয়াসভাবে এগোতে অনুপ্রাণিত করে।