এমপিদের দাওয়াত চিফ হুইপের, ‘তিমি-হাঙর’ মন্তব্যে হাসির রোল

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মধ্যাহ্নভোজের দাওয়াত দিতে গিয়ে রসিক মন্তব্য করে হাসির রোল তুলেছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশন চলাকালে বিরতির আগে সংসদ সদস্যদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান তিনি। এ সময় জুমার নামাজ শেষে সবাইকে একসঙ্গে আপ্যায়নে অংশ নেওয়ার আহ্বানও জানান চিফ হুইপ।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জুমার নামাজের পর সংসদ সদস্য ভবনের এলডি হলে মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে এবং বিকেলের অধিবেশনের আগে সবাইকে সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানান। তিনি স্পিকারকেও বিশেষভাবে দাওয়াতে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় কয়েকজন সংসদ সদস্য আপ্যায়নের মেন্যু সম্পর্কে জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ বলেন, ‘আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ আনা হয়েছে, আরও দুটি হাঙর আসছে।’
তার এই রসিক মন্তব্যে অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।






