জেটি নির্মাণে বেজা-বিআইডব্লিউটিএ চুক্তি

শিল্প ও পর্যটনে নতুন দিগন্ত, মীরসরাই-সাবরাংয়ে বাড়বে নৌ-সুবিধা।

টুইট ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে বেজা ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর মধ্যে জেটি নির্মাণে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে শিল্পায়ন ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চুক্তি অনুযায়ী, চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) এবং কক্সবাজারের টেকনাফে সাবরাং পর্যটন পার্কে জেটিসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।

ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত হয়েছে ৬ দশমিক ১৮ একর ও ৫ একর জমি, যা দ্রুত কাজ শুরুতে সহায়ক হবে।

বেজার পক্ষে নির্বাহী বোর্ডের সচিব ড. জুলিয়া মঈন এবং বিআইডব্লিউটিএর পক্ষে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিল্প বিনিয়োগকারীদের জন্য আধুনিক নৌ-যোগাযোগ সুবিধা নিশ্চিত হবে, যা উৎপাদন ও রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে।

চুক্তির আর্থিক কাঠামো অনুযায়ী, জেটি পরিচালনা থেকে অর্জিত নিট মুনাফা বেজা ও বিআইডব্লিউটিএর মধ্যে যথাক্রমে ৪৫ ও ৫৫ শতাংশ হারে বণ্টিত হবে।

এতে উভয় সংস্থার অংশীদারিত্বমূলক উন্নয়ন মডেল আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে সাবরাং পর্যটন পার্কে নির্মিত জেটি কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী পর্যটকদের যাতায়াত সহজ করবে, যা পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে।

একই সঙ্গে মীরসরাইয়ের এনএসইজেডকে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা একে দেশের শিল্প ও পর্যটন খাতে ‘মাইলফলক’ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তাদের মতে, সমন্বিত এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও সুসংহত হবে।