ফের বাড়ছে তাপপ্রবাহ, বৃষ্টির ফাঁকে ভ্যাপসা গরমের সতর্কতা

আগামী সপ্তাহে দেশের অধিকাংশ অঞ্চলে দিন-রাত তাপমাত্রা বেড়ে তীব্র গরমের অনুভূতি হতে পারে।
টুইট ডেস্ক: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি বলেছে, বৃষ্টিপাত কমার কারণে দিনের তাপমাত্রা আগামীকাল শুক্রবার থেকে বাড়তে পারে এবং শনিবার বা রোববার থেকে টানা কয়েকদিন তীব্র গরম অনুভূত হবে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, “রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় সামান্য বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে।
এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।”
গত বৃহস্পতিবার চট্টগ্রামের সন্দ্বীপে সর্বোচ্চ ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেছেন, “যদিও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে এইবারের তাপপ্রবাহ ২০২৩ ও ২০২৪ সালের মতো দীর্ঘ হবে না।
মাঝে মাঝে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রিত থাকবে।”
অভিজ্ঞদের মতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি হলে তীব্র, আর ৪২ ডিগ্রি বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য হবে।
আবহাওয়ার এই অবস্থার কারণে আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমের সাথে সাথে
স্বাভাবিক জীবনের উপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।






