ইসরাইলের হামলায় উত্তেজনা তীব্র, ‘ট্রিগারে আঙুল’

লেবাননে হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বললেন মাসুদ পেজেশকিয়ান, আলোচনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা।

টুইট ডেস্ক: লেবাননে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ইসরাইল বুধবার ও বৃহস্পতিবার যে বিমান হামলা চালিয়েছে, তা “প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন” বলে মন্তব্য করেছেন ইরান এর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, লেবাননের জনগণের পাশে ইরান সবসময় থাকবে। “আমরা আমাদের লেবানিজ ভাই বোনদের কখনোই একা ফেলে যাব না” এমন অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

ইসরাইলি হামলাকে “প্রতারণামূলক পদক্ষেপ” হিসেবে উল্লেখ করে পেজেশকিয়ান সতর্ক করেন, এ ধরনের আচরণ চলতে থাকলে ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনা অর্থহীন হয়ে পড়বে।

তার ভাষায়, “এটি সম্ভাব্য চুক্তিগুলো অমান্যের একটি বিপজ্জনক লক্ষণ।”

পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ইরান এখনো সামরিকভাবে প্রস্তুত রয়েছে।

“আমাদের হাত এখনো ট্রিগারেই আছে” এই বক্তব্যে সম্ভাব্য প্রতিক্রিয়ার ইঙ্গিত স্পষ্ট।

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। যুদ্ধবিরতি ভেঙে গেলে বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষের ঝুঁকিও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি