আগামী দুই মাস জ্বালানি সঙ্কট হবে না, শুরু হলো ফুয়েল কার্ড পরীক্ষা

সরকারের সতর্ক পদক্ষেপে ভর্তুকি ও শৃঙ্খলা বজায় রাখা লক্ষ্য

টুইট ডেস্ক: আগামী দুই মাস দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না এবং বর্তমান মজুদ যথেষ্ট রয়েছে বলে আশ্বস্ত করেছে সরকার। একই সঙ্গে জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে ও ভর্তুকির চাপ সামলাতে ‘ফুয়েল কার্ড’ ও ‘ফুয়েল পাস’ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, ঢাকার সোনার বাংলা ও ট্রাস্ট ফিলিং স্টেশনে ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম শুরু হয়েছে। ধাপে ধাপে এটি দেশের সকল ফিলিং স্টেশনে কার্যকর করা হবে। মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ও পাইলট প্রকল্প হিসেবে চালু রয়েছে।

জ্বালানির বর্তমান মজুদ সম্পর্কে তিনি জানান, দেশে এক লাখ ৪৩ হাজার ১৪৩ মেট্রিক টন ডিজেল এবং ৯ হাজার ৬৯ মেট্রিক টন অকটেন রয়েছে। বাজারে পেট্রোলের মূল্য প্রতি লিটার ১৫৫ টাকার হওয়া উচিত হলেও সরকার তা মাত্র ১০০ টাকায় বিক্রি করছে। এর ফলে সরকারের প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে।

অবৈধ মজুদ রোধে সরকার কঠোর অবস্থান নেয়ার কথাও জানিয়েছেন মুখপাত্র। বুধবার একদিনে ৩৬১টি অভিযান পরিচালিত হয়েছে, মোট অভিযান সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪২টি এবং এ পর্যন্ত এক কোটি ৪৩ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

মনির হোসেন চৌধুরী আরও বলেন, বাজারে এলপিজির দাম বেশি নেওয়ার কোনো অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে সামনের মাসগুলোতে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।