হট্টগোলের মধ্যেই আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা

আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ট্রাইব্যুনাল ত্যাগ

টুইট ডেস্ক: জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিরা ট্রাইব্যুনালে হট্টগোল সৃষ্টি করেছে।

দুপুরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন এবং উচ্চকণ্ঠে স্লোগান দেন, “আমরা এ রায় মানি না, আমরা নির্দোষ, আমাদের ফাঁসানো হয়েছে।”

রায়ের বিস্তারিত অনুযায়ী, দুই পুলিশ সদস্য-রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন: সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

বিচারিক প্যানেল সভাপতিত্ব করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। রায়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।