বান্দরবানে সাইবার সিকিউরিটি সচেতনতায় পুলিশের উদ্যোগ

লামায় শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে তথ্য অফিস, লামার আয়োজনে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে উন্মুক্ত বৈঠকও অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) লামার সরকারি মাতামুহুরী কলেজে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, জুয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
সেমিনারে সাইবার বুলিং, ভুয়া আইডি, হ্যাকিং, অনলাইন জালিয়াতি, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা আইন সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সচেতন আচরণ, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং সন্দেহজনক কার্যক্রমের ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার বলেন, “বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর হলেও সচেতনতার অভাবে অনেকেই সাইবার অপরাধের শিকার হচ্ছে। তাই নিরাপদ থাকতে হলে প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীল হতে হবে।”
অনুষ্ঠানে অনলাইন প্রতারণার শিকার এক ভুক্তভোগী নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “এই ধরনের সেমিনার আগে হলে হয়তো আমি প্রতারণার শিকার হতাম না।”
এদিকে তথ্য অফিস, লামার উদ্যোগে আয়োজিত উন্মুক্ত বৈঠকে সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লেখিত বিভিন্ন কর্মসূচি-ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা তাদের কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।
উন্মুক্ত বৈঠকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






