শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ে: ওমরের পাশে মানবিক হাত

আর্থিক সংকটে থমকে যাওয়া স্বপ্নে নতুন গতি, সহায়তায় এগিয়ে এলো জামায়াতে ইসলামী।
টুইট ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীর মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজুর জীবনের গল্প যেন সংগ্রাম আর স্বপ্নের এক বাস্তব প্রতিচ্ছবি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে যখন তার উচ্চশিক্ষার পথ অনিশ্চিত হয়ে পড়েছিল, তখনই তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পান ওমর।
কিন্তু পরিবারের চরম আর্থিক সংকট তাকে পড়াশোনার বদলে কৃষিজমিতে শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করে।
পারিবারিক ট্র্যাজেডি ওমরের জীবনের বড় বাস্তবতা।
ছোটবেলায় কিডনি রোগে বাবার মৃত্যু হয়। এরপর তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান।
এক ভাইসহ সীমাহীন কষ্টের মধ্যেও নিজের পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নই তাকে এগিয়ে নিয়েছে।
শিক্ষাজীবনেও তিনি ছিলেন উজ্জ্বল। ২০২৩ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং ২০২৫ সালে এইচএসসিতে ৪.৯২ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে স্থানীয় এক শিক্ষকের সহায়তায় বিনামূল্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন, যা তার সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অবশেষে মোহাম্মদপুর পূর্ব থানা শাখার উদ্যোগে জামায়াতে ইসলামী ওমরের হাতে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ তুলে দেয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মাজহারুল ইসলামের তত্ত্বাবধানে এ সহায়তা প্রদান করা হয়।
স্থানীয়ভাবে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। সচেতন মহল বলছে, ওমরের মতো মেধাবী কিন্তু সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই পারে দেশের মানবসম্পদকে এগিয়ে নিতে।
এমন সহায়তা অব্যাহত থাকলে বহু স্বপ্নই বাস্তবে রূপ নেবে,ওমরের গল্প তারই প্রমাণ।






