হরমুজে স্বস্তির হাওয়া, পথে ‘বাংলার জয়যাত্রা’

যুদ্ধবিরতির পর অচলাবস্থা কাটিয়ে গন্তব্যে যাত্রা, স্বস্তি ৩১ নাবিকের
টুইট ডেস্ক: পারস্য উপসাগরের টানটান উত্তেজনার মধ্যে আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পেয়েছে।
বুধবার ভোরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর জাহাজটি নোঙর তুলে গন্তব্যের পথে রওনা দেয়, ফলে জাহাজে থাকা ৩১ নাবিকের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর ছেড়ে দাম্মাম বন্দরের বহির্নোঙর এলাকা থেকে যাত্রা শুরু করে।
ঘণ্টায় প্রায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল গতিতে চলা জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশে এগিয়ে যাচ্ছে।
তবে গন্তব্যে পৌঁছাতে হলে প্রথমেই অতিক্রম করতে হবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালি।
জাহাজটির প্রধান প্রকৌশলী জানান, প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে তারা দীর্ঘদিন অপেক্ষমাণ ছিলেন।
যুদ্ধবিরতির পরপরই যাত্রা পুনরায় শুরু হয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজ থেকে প্রায় ৪২৫ নটিক্যাল মাইল দূরে রয়েছে।
স্বাভাবিক গতিতে চললে দুই দিনের মধ্যেই প্রণালি পার হওয়ার আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়।
এতে বহু বাণিজ্যিক জাহাজের মতো ‘বাংলার জয়যাত্রা’কেও নিরাপত্তাজনিত কারণে যাত্রা স্থগিত রাখতে হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের সংশ্লিষ্টরা জানান, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জাহাজটিকে সাময়িকভাবে পেছনে সরিয়ে নেওয়া হয়েছিল।
তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন আবার স্বাভাবিক পথে অগ্রসর হচ্ছে জাহাজটি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হওয়া শুধু একটি জাহাজের জন্য নয়, বরং বৈশ্বিক বাণিজ্যের জন্যও ইতিবাচক বার্তা বহন করছে।






