ট্রাম্পের ‘সভ্যতা ধ্বংস’ হুমকি ঘিরে যুদ্ধাপরাধ আশঙ্কা

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সতর্কবার্তা,বেসামরিক স্থাপনায় হামলা হলে জেনেভা সনদ লঙ্ঘন।
টুইট প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে।
ইরানের বিরুদ্ধে ‘পুরো সভ্যতা ধ্বংস’ করার মতো বক্তব্যকে আন্তর্জাতিক গণমাধ্যম ও আইনবিশেষজ্ঞরা সম্ভাব্য যুদ্ধাপরাধের পূর্বাভাস হিসেবে দেখছেন।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, কোনো রাষ্ট্র যদি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নির্বিচারে হামলা চালায়, তা সরাসরি জেনেভা সনদের লঙ্ঘন।
জাতিসংঘ সংশ্লিষ্ট মহলও একই ধরনের সতর্কবার্তা দিয়েছে।
বিশ্লেষকদের ভাষ্য, ট্রাম্পের এই ধরনের বক্তব্য কেবল রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল নয়, বরং আন্তর্জাতিক মানবিক আইনের সীমারেখাকে প্রশ্নবিদ্ধ করে।
বিশেষ করে “সভ্যতা ধ্বংস” ধরনের শব্দচয়ন সামরিক লক্ষ্যবস্তুর বাইরে বৃহৎ বেসামরিক জনগোষ্ঠীকে ইঙ্গিত করে,যা যুদ্ধাপরাধের সংজ্ঞার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।
ইরানি সূত্রগুলোর দাবি, ইতোমধ্যে দেশটির অন্তত ১৭টি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে। এতে মানবিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, এ ধরনের হুমকি বাস্তবায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকেও অস্থিতিশীল করে তুলতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান ও কৌশলগত বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে।
পর্যবেক্ষকরা মনে করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারলে এটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে,যার প্রভাব বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘমেয়াদি অভিঘাত তৈরি করবে।






