রাবি ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে

দ্বিতীয় সাবজেক্ট চয়েস প্রকাশ, ক্লাসের আগেই সমাপ্তি।

টুইট ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগ পছন্দক্রম (সাবজেক্ট চয়েস) পূরণের প্রক্রিয়া গত ২২ ফেব্রুয়ারি শুরু হওয়ার পর ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে।

ইতোমধ্যে ‘এ’, ‘বি’ ও ‘সি’—তিনটি ইউনিটের বিষয়ভিত্তিক দ্বিতীয় সাবজেক্ট চয়েস তালিকা প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করে ক্লাস শুরুর আগেই পুরো ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হয়।

১৬ জানুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা নেয়া হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, চলতি বছরে কোনো প্রাথমিক বাছাই (সিলেকশন) ছাড়াই সরাসরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যা অংশগ্রহণকারীর সংখ্যা ও প্রতিযোগিতার মাত্রা বাড়িয়েছে।

প্রতিদিন দুই শিফটে পরীক্ষা আয়োজন করা হয়,প্রথম শিফট সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

শুধু রাজশাহী নয়, দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে এবার ভর্তি পরীক্ষা আয়োজন করা হয় একাধিক বিভাগীয় শহরে।

রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই ক্লাস শুরু নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।