আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত: তেহরানে প্রতিশোধের বার্তা ছবি

আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত: তেহরানে প্রতিশোধের বার্তা
ইসরায়েলকে দায়ী করে যুক্তরাষ্ট্রকেও কাঠগড়ায় তুলল ইরান, নেতৃত্বে অটুট থাকার দাবি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমির হত্যাকাণ্ড নতুন করে সংঘাতকে উসকে দিয়েছে।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই’র নামে প্রকাশিত এক বার্তায় সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে।

বার্তায় বলা হয়, এই হত্যাকাণ্ড “অগ্রহণযোগ্য সন্ত্রাসী পদক্ষেপ” এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

একই সঙ্গে ইরানি নেতৃত্ব দাবি করেছে, কমান্ডারদের মৃত্যু দেশটির সামরিক কাঠামো বা আদর্শে কোনো দুর্বলতা সৃষ্টি করবে না। কারণ আইআরজিসির সদস্যসংখ্যা এবং কাঠামো “ব্যাপক ও সুসংগঠিত”।

ইসরায়েল ইতোমধ্যে খাদেমিকে লক্ষ্যবস্তু করার বিষয়টি নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এতে স্পষ্ট হচ্ছে, সাম্প্রতিক সংঘর্ষে লক্ষ্যভিত্তিক হামলার কৌশল আরও তীব্র হচ্ছে।

এদিকে, খামেনেইয়ের অনুপস্থিতি নিয়েও তৈরি হয়েছে জল্পনা। গত এক মাস ধরে তাকে জনসমক্ষে দেখা যায়নি। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, খামেনেই “হয়তো নিহত হয়েছেন বা গুরুতর অসুস্থ” যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

অন্যদিকে, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, এই ঙনিরাপত্তাজনিত কারণে খামেনেই জনসমক্ষে আসছেন না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছেন, তিনি সুস্থ আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন।
বিশ্লেষকরা মনে করছেন, ধারাবাহিকভাবে আইআরজিসি নেতাদের টার্গেট করে হামলা চালানো হলে ইরান পাল্টা কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে, যা পুরো অঞ্চলে সংঘাতকে আরও বিস্তৃত করে তুলতে পারে।