কাতার–জর্ডান বৈঠক: ইরানি হামলার নিন্দা

ইরানি হামলার নিন্দা, আঞ্চলিক স্থিতিশীলতায় যৌথ পদক্ষেপের আহ্বান।

টুইট ডেস্ক: সোমবার (৬ এপ্রিল) দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি সাক্ষাৎ করেছেন জর্ডানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান আল-সাফাদি–এর সঙ্গে, যিনি বর্তমানে কাতার সফরে রয়েছেন।

বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা, এর বিস্তার এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর এর গুরুতর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সকল বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী জর্ডানের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। তিনি জর্ডানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গৃহীত যেকোনো পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

এ সময় তিনি কাতার ও আঞ্চলিক দেশগুলোর ওপর ইরানের ‘অযৌক্তিক হামলা’ অবিলম্বে বন্ধের আহ্বান জানান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে পানি, খাদ্য ও জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেন। তার মতে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করতে পারে।

বৈঠকে উভয় পক্ষ সংকট নিরসনে সমন্বয় জোরদার, যৌথ উদ্যোগ বৃদ্ধি এবং আলোচনার টেবিলে ফিরে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিশ্ব জ্বালানি নিরাপত্তা, নৌ চলাচলের স্বাধীনতা, পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বিচক্ষণতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়।

বর্তমান প্রেক্ষাপটে কাতার ও জর্ডান–এর এই কূটনৈতিক সমন্বয় মধ্যপ্রাচ্যের পরিবর্তিত শক্তির ভারসাম্যে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে। ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আঞ্চলিক দেশগুলো এখন পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে একটি সমন্বিত অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে।

এতে করে ভবিষ্যতে বৃহত্তর কূটনৈতিক জোট গঠনের সম্ভাবনাও তৈরি হতে পারে, যা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পা‌রে।