ইরান অভিযানে ১৫৫ বিমান: ট্রাম্পের দাবি

ইরান অভিযানে ১৫৫ বিমান: ট্রাম্পের দাবি
ঝুঁকিপূর্ণ উদ্ধার মিশন, বাড়ছে উত্তেজনা ও সামরিক বার্তা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে পরিচালিত এক উচ্চঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে মোট ১৫৫টি মার্কিন সামরিক বিমান অংশ নেয়।

সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরে অভিযানের ব্যাপকতা ও ঝুঁকির মাত্রা স্পষ্ট করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই অভিযানে চারটি বোমারু বিমান, ৬৪টি যুদ্ধবিমান, ৪৮টি জ্বালানি ট্যাঙ্কার এবং ১৩টি উদ্ধারকারী বিমান মোতায়েন ছিল।

তিনি দাবি করেন, উদ্ধার কার্যক্রম চলাকালে মার্কিন বাহিনী সরাসরি গুলির মুখে পড়ে এবং পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটাপন্ন।

তিনি আরও জানান, অভিযানের সময় কয়েকটি হেলিকপ্টারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

এমনকি দুটি বিমান ঘটনাস্থলেই ধ্বংস করে ফেলতে হয়েছে, যাতে সেগুলো শত্রুপক্ষের হাতে না পড়ে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের আকাশসীমায় চলমান সংঘাত শুরুর পর থেকে ১০ হাজারের বেশি যুদ্ধবিমান উড্ডয়ন করেছে এবং প্রায় ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

তার ভাষায়, প্রয়োজন হলে “এক রাতেই” ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করার সামর্থ্য যুক্তরাষ্ট্রের রয়েছে,এমন হুঁশিয়ারিও দেন তিনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য শুধু একটি সামরিক অভিযানের বিবরণ নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান প্রদর্শনের কৌশলগত বার্তা।

এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে এবং কূটনৈতিক সমাধানের পথ জটিল হয়ে উঠার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি ইতোমধ্যে বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম।