বান্দরবানে ডনবস্কো বিদ্যালয়ে স্বাস্থ্যবান্ধব উদ্যোগ

ডনবস্কোতে গার্লস কর্নার উদ্বোধন: ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ, বিনামূল্যে সেবা নিশ্চিতের আশ্বাস।
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘গার্লস কর্নার’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি এস এম মনজুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হলে শৃঙ্খলা ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
আয়োজকরা জানান, নতুন এই গার্লস কর্নার চালুর ফলে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা আরও নিশ্চিত হবে। বিদ্যালয়ে অবস্থানকালীন সময়েই শিক্ষার্থীরা এখানে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবে, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কুমার দে, সিনিয়র সহকারী শিক্ষক জগদীশ, আজিম, মদন কুমার বড়ুয়া, শিক্ষিকা নৈচিংখয় মার্মা, সহকারী শিক্ষক সনজয় দাশসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে পিটিএ কমিটি গঠন করা হয়। এতে বিদ্যুৎ দাশকে সভাপতি, পারভীন আক্তারকে সহ-সভাপতি এবং সনজয় দাশকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।






