তাপদাহের পর বৃষ্টির স্বস্তি

কাল থেকে সারাদেশে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা
টুইট ডেস্ক: টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টিপাত শুরু হতে পারে, যা পরবর্তী তিন দিনে আরও বিস্তৃত আকার ধারণ করবে।
আবহাওয়াবিদদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, ফলে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে স্বস্তি ফিরবে জনজীবনে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশেই বৃষ্টির প্রবণতা দেখা যাবে।
তবে ১০ এপ্রিলের পর বৃষ্টিপাত কমে গিয়ে আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।
গত কয়েকদিনে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের কারণে দেশের তাপমাত্রা ইতোমধ্যে কমতে শুরু করেছে। বর্তমানে কোথাও তাপপ্রবাহ বিরাজ করছে না।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গায় টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
এতে দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপদাহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ হলে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ হলে তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য হয়।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, গত দুই বছরের তুলনায় এবার দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের আশঙ্কা কম। কারণ, তাপপ্রবাহের মধ্যেই মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে।
সিনপটিক অবস্থার বিশ্লেষণে জানা গেছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় থাকায় বৃষ্টিপাতের এই প্রবণতা সৃষ্টি হচ্ছে।
সার্বিকভাবে, আগামী কয়েকদিন দেশের আবহাওয়া থাকবে পরিবর্তনশীল,কখনো বৃষ্টি, কখনো মেঘলা আকাশ।
এতে সাময়িক স্বস্তি মিললেও এপ্রিলের মাঝামাঝি আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।






