বুমরাহ-স্যামসন লড়াইয়ে ‘মাসসেরা’ উত্তাপ

বিশ্বকাপ নায়ক ভারতের দুই তারকা, চমক দক্ষিণ আফ্রিকার তরুণ এস্তেহেইজেন।

টুইট ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের মার্চ মাসসেরা পুরস্কারের লড়াই জমে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দাপটে।

পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, সাঞ্জু স্যামসন এবং দক্ষিণ আফ্রিকার উদীয়মান তারকা কনর এস্তেহেইজেন।

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তিনজনই রয়েছেন দারুণ ছন্দে, ফলে প্রতিযোগিতা হয়ে উঠেছে তীব্র।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুমরাহ ও স্যামসন।

টুর্নামেন্টের শেষ তিন ম্যাচে টানা অর্ধশতক হাঁকিয়ে ব্যাট হাতে দলকে ভরসা দেন স্যামসন।

ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টুর্নামেন্ট সেরার স্বীকৃতিও পান তিনি, যা তাকে মাসসেরার দৌড়ে এগিয়ে রাখছে।

অন্যদিকে বল হাতে ভারতের আক্রমণভাগকে নেতৃত্ব দেন জাসপ্রিত বুমরাহ।

ফাইনালে মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচের গতিপথ বদলে দেন এই ডানহাতি পেসার।

তার এই অসাধারণ পারফরম্যান্সে তিনি ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, যা মনোনয়নে তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

দক্ষিণ আফ্রিকার কনর এস্তেহেইজেন আন্তর্জাতিক অঙ্গনে নতুন হলেও ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি, টোটোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখান এই তরুণ উইকেটরক্ষক ব্যাটার।

সিরিজের শেষ দুই ম্যাচে টানা অর্ধশতক করে দলকে জয়ের পথে রাখেন তিনি।

তার এই পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতলে সিরিজসেরা নির্বাচিত হন এস্তেহেইজেন।

এদিকে নারী বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা কম জমজমাট নয়। অস্ট্রেলিয়ার বেথ মুনি, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার এবং দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা কাকা মার্চ মাসসেরার লড়াইয়ে রয়েছেন।

তিনজনই নিজ নিজ দলে গুরুত্বপূর্ণ অবদান রেখে মনোনয়ন নিশ্চিত করেছেন।

সব মিলিয়ে মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচনে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে প্রতিযোগিতা বেশ উপভোগ্য হয়ে উঠেছে।

এখন দেখার বিষয়, ধারাবাহিক পারফরম্যান্সের বিচারে শেষ পর্যন্ত কার হাতে ওঠে মর্যাদাপূর্ণ এই পুরস্কার ।