স্কুল বন্ধ নয়, অনলাইন ক্লাসও নেই: গণশিক্ষা প্রতিমন্ত্রীর বার্তা

হামের প্রকোপ ও জ্বালানি সংকটের কারণে নতুন সিদ্ধান্তের অপেক্ষা, জুন-জুলাইতে শিক্ষায় নতুন পদক্ষেপ।

টুইট ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে জানিয়েছেন, হামের প্রভাব ও জ্বালানি সংকটের কারণে স্কুল বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, সরকার বর্তমানে অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না এবং কেবিনেটও অনলাইনে ক্লাস নিয়ে বড় কোনো পরিকল্পনা করছে না।

প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী জুন-জুলাই শিক্ষা খাতে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করা হবে।

ববি হাজ্জাজ বলেন, “শিক্ষা খাতে অতীতের যে কাজগুলো আটকে আছে, সেগুলো কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং কার্যকর করা যায়, তার জন্য আমরা বিশেষ উদ্যোগ নেব।”

এবারের পদক্ষেপ শিক্ষার মান উন্নয়ন এবং সব বিদ্যালয়ে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের জন্য কেন্দ্র ও স্থানীয় পর্যায়ের সমন্বয় বাড়াতে সহায়ক হবে।