সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

৮ এপ্রিল তপশিল ঘোষণা, ইভিএম ও নির্বাচন পরিস্থিতি নিয়ে ইসির বৈঠক।

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্ণাঙ্গ তপশিল প্রকাশ করা হবে আগামী ৮ এপ্রিল। তপশিল ঘোষণার সঙ্গে মনোনয়নপত্র দাখিলসহ অন্যান্য নির্বাচনি কার্যক্রমের সময়সূচিও জানানো হবে।

নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ছাড়াও নির্বাচনি মামলা, স্থানীয় সরকার নির্বাচন এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

সচিব জানান, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর এখন পর্যন্ত মোট ৫০টি নির্বাচনি মামলা দায়ের হয়েছে। এসব মামলার আলামত সংরক্ষণের নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এ সংক্রান্ত আর্থিক অনিয়ম ও কারচুপির অভিযোগ দুর্নীতি দমন কমিশন, নিরীক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট তদন্ত কমিটি পর্যালোচনা করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

এছাড়া প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। দায়িত্ব পালনকালে আহত বা নিহতদের ক্ষতিপূরণ নীতিমালা পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনে অংশ নেওয়া ৮০টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ করে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আইন সংশোধনের সুপারিশ অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান সচিব।

ভোটার দিবসকে আরও অর্থবহ করতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।