ধর্ম অবমাননা মামলায় বাউল আবুল সরকারের জামিন

স্থায়ী জামিন কেন দেওয়া হবে না রুল জারি হাইকোর্টের
টুইট ডেস্ক: ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আবুল সরকারের আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তিনি জানান, মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ায় আদালত আবুল সরকারকে জামিন দিয়েছেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর জামে মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় দণ্ডবিধি ১৮৬০ সালের ২৯৫ ও ২৯৫ (ক) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে একইদিন সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ম অবমাননার অভিযোগে আরেকটি মামলা করেন ডা. মো. মাহফুজুর রহমান, যিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক।
মামলার অভিযোগে বলা হয়, মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে পরিবেশিত গানে আবুল সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, যা নিয়ে এই মামলা দায়ের করা হয়।






