ঢাকা কলেজ হলে পলেস্তারা ধস, আহত শিক্ষার্থী

দীর্ঘদিনের অবহেলায় ঝুঁকিপূর্ণ আবাসিক ভবন, সংস্কারকাজে গতি চায় শিক্ষার্থীরা।

টুইট ডেস্ক: রাজধানীর ঢাকা কলেজের আবাসিক হলে আবারও অবকাঠামোগত ঝুঁকির প্রমাণ মিলেছে।

সাউথ হলের একটি কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর প্রায় ৩টার দিকে সাউথ হলের ৩১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আহত মুশফিকুর রহমান উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ঘটনার সময় তিনি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ছাদের একটি অংশ ভেঙে পড়ে মুশফিকুরের মাথায় আঘাত লাগে। সহপাঠীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।আহত মুশফিকুর রহমান বলেন, দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন তিনি।

এ সময় হঠাৎ পলেস্তারা খসে পড়ে মাথায় আঘাত লাগে। এতে তিনি তীব্র ব্যথা অনুভব করেন এবং দ্রুত চিকিৎসা নিতে হয়।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হলের বিভিন্ন কক্ষের ছাদ ও দেয়াল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।শিক্ষার্থী আবিদ হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, হল প্রভোস্টের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জবাবদিহিতা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

হল কমিটির আহ্বায়ক আনোয়ার মাহমুদ জানান, আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার সংস্কার প্রকল্প চলমান থাকলেও সাময়িকভাবে কাজ বন্ধ রয়েছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আহত শিক্ষার্থীর চিকিৎসার পূর্ণ দায়িত্ব প্রতিষ্ঠান নেবে। একই সঙ্গে বন্ধ থাকা সংস্কারকাজ দ্রুত পুনরায় শুরু করতে প্রকৌশলীদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পুনরাবৃত্ত এমন ঘটনায় শিক্ষার্থীরা দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে নিরাপদ আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, বিলম্ব হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।