ম্যাক্রোঁর ‘স্বাধীনতার জোট’ প্রস্তাব

যুক্তরাষ্ট্র-চীন নির্ভরতা ছাড়িয়ে নতুন কৌশলগত ভারসাম্যের আহ্বান।

টুইট ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমামুয়েল ম্যাক্রোঁ বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাবমুক্ত একটি ‘স্বাধীনতার জোট’ গঠনের প্রস্তাব দিয়ে নতুন কৌশলগত আলোচনার জন্ম দিয়েছেন।

তার মতে, মধ্যম শক্তির দেশগুলোর উচিত পরাশক্তির প্রভাবমুক্ত থেকে নিজস্ব কৌশলগত স্বাধীনতা নিশ্চিত করা।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ইয়োনসি ইউনিভার্সিটিতে দেওয়া বক্তৃতায় ম্যাক্রোঁ বলেন, আন্তর্জাতিক আইন, গণতন্ত্র এবং জলবায়ু প্রতিশ্রুতির ভিত্তিতে একটি নতুন জোট এখন সময়ের দাবি।

সম্ভাব্য এই জোটে দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোর অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।

তিনি স্পষ্টভাবে বলেন, “আমরা কোনো আধিপত্যবাদী শক্তির অধীনস্থ হতে চাই না।

চীনের প্রভাবের ওপর নির্ভরশীলতা যেমন কাম্য নয়, তেমনি যুক্তরাষ্ট্রের নীতিগত অনিশ্চয়তার কাছেও অতিরিক্ত ঝুঁকিপূর্ণ থাকা উচিত নয়।”

পশ্চিম এশিয়া নীতিতে ভিন্ন সুর
ম্যাক্রোঁ পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক নির্ভরতার সমালোচনা করে বলেন, কেবল সামরিক অভিযান দিয়ে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।

তার এই অবস্থান সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করছে।

এদিকে, দি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড ন্যাসনস সিকিউরিটি কাউন্সিলে হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ অনুমোদনের প্রস্তাবে আপত্তি জানিয়েছে ফ্রান্স। পরে প্রস্তাবটির ভোট স্থগিত করা হয়।

ইসরাইল-ফ্রান্স সম্পর্কে টানাপোড়েন
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইল ঘনিষ্ঠ অবস্থানের বিপরীতে ফ্রান্সের ভিন্ন অবস্থান নতুন কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে।

ইসরাইল ইতোমধ্যে ফ্রান্স থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানা গেছে।
নতুন বৈশ্বিক সমীকরণের ইঙ্গিত

বিশ্লেষকদের মতে, ম্যাক্রোঁর এই প্রস্তাব কেবল কূটনৈতিক বক্তব্য নয়; বরং এটি একটি দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক কৌশলের অংশ।

এতে মধ্যম শক্তির দেশগুলো নিজেদের স্বার্থে আরও স্বাধীন ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে পারবে।

বর্তমান বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতার মাঝে একটি ‘তৃতীয় পথ’ তৈরির চেষ্টা হিসেবে এই উদ্যোগকে দেখা হচ্ছে,যা ভবিষ্যতের বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।