এমডিএম পদে মোমিনুল আমিনের পদত্যাগে দিশাহীন দল

মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগে সাংগঠনিক সংকট ঘনীভূত।
টুইট ডেস্ক: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন দলের প্রতিষ্ঠাকালীন নেতা মোমিনুল আমিন।
রোববার (৫ এপ্রিল) রাতে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
তার পদত্যাগের ফলে দলটির শীর্ষ দুই পদ,চেয়ারম্যান ও মহাসচিব উভয়ই এখন শূন্য হয়ে পড়েছে, যা দলটির সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
মোমিনুল আমিন জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে কোনো চেয়ারম্যান না থাকায় তিনি তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে অবহিত করবেন।
তবে পদত্যাগের পেছনে নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেননি তিনি।
২০১৭ সালে প্রতিষ্ঠিত এনডিএমের সূচনালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন মোমিনুল আমিন।
দলীয় নিবন্ধন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের সংলাপ, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি নেতৃত্বের কেন্দ্রে ছিলেন।
টেলিভিশন আলোচনাসহ নানা ফোরামেও দলের মুখপাত্র হিসেবে সক্রিয় ছিলেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই সঙ্গে চেয়ারম্যান ও মহাসচিব পদ শূন্য হয়ে পড়া একটি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য গুরুতর সংকেত।
এতে দলটির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দ্রুত নতুন নেতৃত্ব নির্ধারণ করতে না পারলে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডে এনডিএম পিছিয়ে পড়তে পারে বলেও মনে করছেন তারা।
এদিকে, দলের অভ্যন্তরে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া কীভাবে এগোবে,তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ফলে এনডিএমের পরবর্তী রাজনৈতিক কৌশল ও দিকনির্দেশনা নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে।






