রাহুল মৃত্যুর পর আইনি লড়াইয়ে প্রিয়াঙ্কা

শুটিং সেটে অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার অভিযোগে মামলা

বিনোদন ডেস্ক: ভারতের টলিউড অঙ্গনে এখনো শোকের আবহ কাটেনি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অকাল মৃত্যুর পর। তবে ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে এবার আইনি লড়াইয়ে নামলেন তার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। স্বামীর মৃত্যুর জন্য শুটিং সেটের চরম অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতাকে দায়ী করে তিনি প্রযোজনা সংস্থাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে ডুবে যান রাহুল। এ ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়ে টলিউড অঙ্গনে। সহকর্মীদের অভিযোগ—শুটিং সেটে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থাও ছিল না।

ঘটনার সাত দিন পর কলকাতার রিজেন্ট পার্ক থানা এবং তালসারি থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। মামলায় অভিযুক্ত করা হয়েছে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর নির্বাহী প্রযোজক শান্তনু নন্দী এবং ব্যবস্থাপক চন্দ্রশেখর চক্রবর্তী-কে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে।

মামলা দায়ের করতে বিলম্বের বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, স্বামীকে হারানোর শোক ও মানসিক আঘাত কাটিয়ে উঠতে সময় লেগেছে। “আমি ভাবতেই পারিনি তাকে এভাবে হারাবো,”—বলেছেন তিনি।

ঘটনার পর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, নিষেধ সত্ত্বেও রাহুল গভীর জলে নেমেছিলেন এবং চিত্রনাট্যে কোনো জলসংক্রান্ত দৃশ্য ছিল না। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। জানা যায়, হাঁটুসমান জলে ড্রোন চিত্রগ্রহণ চলাকালে হঠাৎ ঢেউয়ের ধাক্কায় রাহুল ও সহ-অভিনেত্রী পড়ে যান। সহ-অভিনেত্রীকে উদ্ধার করা গেলেও রাহুলকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন আবারও সামনে এসেছে। প্রিয়াঙ্কার এই আইনি পদক্ষেপ টলিউডে কাজের পরিবেশ ও নিরাপত্তা মানদণ্ড নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।