আজ থেকে অফিস ৯টা–৪টা

জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি, ব্যাংক ও বাজারেও কড়াকড়ি
টুইট ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পূর্বের সময়সূচি থেকে এক ঘণ্টা কমিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার বহাল থাকবে।
নতুন নির্দেশনায় জরুরি পরিষেবাগুলো: যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম-এই সময়সূচির বাইরে থাকবে এবং আগের নিয়মেই কার্যক্রম চালাবে।
এদিকে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতেও পরিবর্তন এনেছে। নতুন সময় অনুযায়ী ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে দাপ্তরিক কাজ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের সব বিপণিবিতান, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি উঠেছে, তবুও আপাতত এই সীমা বহাল রাখা হয়েছে।
শিক্ষা খাতেও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিকল্প পরিকল্পনা বিবেচনায় রয়েছে। সপ্তাহে আংশিক অনলাইন ও আংশিক সশরীর ক্লাস চালুর প্রস্তাব নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে বৈশ্বিক জ্বালানি চাপে এই ধরনের সাশ্রয়ী পদক্ষেপ অর্থনীতি ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সাময়িক স্বস্তি দিতে পারে।





