হামের ভয়াবহতা করোনার চেয়েও কম নয়: স্বাস্থ্যমন্ত্রী

৩ মে থেকে সারাদেশে টিকাদান, ঝুঁকিতে শিশুদের অগ্রাধিকার
টুইট ডেস্ক: হামের প্রাদুর্ভাবকে করোনার মতোই গুরুতর আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এই রোগের ভয়াবহতা কোনোভাবেই কম নয়।
রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি জানান, আগামী ৩ মে থেকে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে হামের টিকা প্রদান করা হবে। এর আগে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশালে এই কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা–এর তথ্য অনুযায়ী, হামে আক্রান্তদের ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। তাই ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুস্থ শিশুদের টিকার পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে, আর অসুস্থ শিশুদের শুধুমাত্র ভিটামিন ‘এ’ প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রথম ধাপে ১৮ জেলার ৩০ উপজেলায় এই কর্মসূচি শুরু হয়েছে, যেখানে হামের ঝুঁকি বেশি বলে শনাক্ত করেছে ইউনিসেফ ও বিশ্বব্যাংক। পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত টিকাদান নিশ্চিত করা গেলে শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়ানো যাবে।






