ইরানে দুঃসাহসিক অভিযানে উদ্ধার মার্কিন পাইলট

তীব্র সংঘর্ষের মধ্যেও বিশেষ বাহিনীর অভিযান, আহত অবস্থায় জীবিত ফেরত

টুইট ডেস্ক: ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় ভূপাতিত F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে দুঃসাহসিক অভিযানের মাধ্যমে জীবিত উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার Truth Social–এ দেওয়া এক বার্তায় জানান, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে পরিচালিত বিশেষ অভিযানে ওই পাইলটকে উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা আহত হলেও আশঙ্কামুক্ত রয়েছেন।

সংবাদমাধ্যম Al Jazeera–এর প্রতিবেদনে বলা হয়েছে, শতাধিক বিশেষ বাহিনীর সদস্য রাতের আঁধারে ইরানের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান চালায়। অভিযানের সময় ইরানি বাহিনীর তীব্র গোলাগুলির মুখেও মার্কিন কমান্ডোরা সফলভাবে পাইলটকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

প্রতিবেদন অনুযায়ী, অভিযানটি সহজ ছিল না; পরিকল্পনার বাইরে নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে। তবে উচ্চমাত্রার ঝুঁকি নিয়েও এই অভিযানে সফলতা অর্জন করে মার্কিন বাহিনী।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের সামরিক অভিযান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।