হামের ঝুঁকি মোকাবিলায় শিশুদের টিকাদান শুরু

১৮ জেলার ৩০ উপজেলায় ৬-৫৯ মাস বয়সী শিশুদের বিশেষ কর্মসূচি চালু
টুইট ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার বেলা সোয়া ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, হামে আক্রান্তদের ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু, তাই এই বয়সসীমার সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় সুস্থ শিশুদের হামের টিকার পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে। তবে অসুস্থ শিশুদের আপাতত টিকা না দিয়ে শুধুমাত্র ভিটামিন ‘এ’ প্রদান করা হবে।
প্রথম ধাপে ১৮ জেলার ৩০ উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে, যেখানে হামের ঝুঁকি তুলনামূলক বেশি বলে শনাক্ত করেছে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, শিশুদের মধ্যে দ্রুত টিকাদান নিশ্চিত করা গেলে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।






