ইরানে ‘ব্ল্যাক হক’ লক্ষ্য করে গুলি

যাযাবরদের প্রতিরোধে বিপাকে মার্কিন অভিযান, আহত ক্রু অবতরণে ব্যর্থ হেলিকপ্টার।

টুইট ডেস্ক: ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে স্থানীয় যাযাবর উপজাতিদের গুলিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি উঠেছে।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, কোহগিলুয়েহ-বোয়ের আহমাদ ও বখতিয়ারি অঞ্চলে এই ঘটনা ঘটে, যা চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর সরাসরি উপস্থিতি ছাড়াই স্থানীয় যাযাবররা প্রতিরোধ গড়ে তোলে এবং শত্রুপক্ষের হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায়।

এতে অন্তত দুটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো নির্ধারিত স্থানে অবতরণ করতে ব্যর্থ হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি যাচাই করা এক ভিডিওতে দেখা গেছে, কয়েকজন সশস্ত্র ব্যক্তি আকাশে উড়ন্ত হেলিকপ্টারের দিকে গুলি ছুড়ছে।

একই সময়ে মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, বিধ্বস্ত একটি যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের সময় একটি হেলিকপ্টার গুলির মুখে পড়ে।

এতে কয়েকজন ক্রু আহত হলেও হেলিকপ্টারটি শেষ পর্যন্ত নিরাপদ ঘাঁটিতে ফিরতে সক্ষম হয়।

বিশ্লেষকদের মতে, ইরানের এসব দুর্গম পাহাড়ি এলাকায় যাযাবর জনগোষ্ঠীর দীর্ঘদিনের বসবাস এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার অভিজ্ঞতা তাদেরকে স্বতঃস্ফূর্ত প্রতিরোধে সক্ষম করে তুলেছে।

গবাদিপশু ও বসতি রক্ষায় সবসময় অস্ত্র বহনের কারণে তারা দ্রুত সশস্ত্র প্রতিক্রিয়া দেখাতে পারে।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, সাধারণ মানুষই ‘শত্রু হেলিকপ্টার’ শনাক্ত করে গুলি চালিয়েছে।

এতে মার্কিন বাহিনীর পরিকল্পিত অবতরণ ব্যাহত হয় এবং পুরো অভিযানে অনিশ্চয়তা তৈরি হয়।

পর্যবেক্ষকদের মতে, এ ধরনের ছিটেফোঁটা প্রতিরোধও ইঙ্গিত দিচ্ছে,ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা এখন আগের চেয়ে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।