বেগমগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ

চাঁদাবাজি-টেন্ডারবাজির অভিযোগে উত্তেজনা, হাতাহাতির ঘটনা।
টুইট ডেস্ক: নোয়াখালী, ৪ এপ্রিল ২০২৬: নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জমি দখলের অভিযোগ তুলে দলটির একাংশের নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেছে।
এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া-দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
অনুষ্ঠান চলাকালে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন দলের একাংশের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা তার নাম-ছবিসংবলিত ব্যানার প্রদর্শন করে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও কমিটি বাণিজ্যের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করছেন।
এসব কারণে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
একপর্যায়ে বিক্ষুব্ধরা অভিযোগ জানাতে প্রধান অতিথির মঞ্চের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে কামাখ্যা চন্দ্র দাসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি এলাকা ত্যাগ করেন।
স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণ, টেন্ডার প্রক্রিয়া ও দলীয় কমিটিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের।
প্রতিবাদ করলে ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হয় বলেও দাবি করেন তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কামাখ্যা চন্দ্র দাস তিনি দাবি করেন, তার বিরুদ্ধে কর্মসূচির নেতৃত্বদানকারীকে ইতোমধ্যে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি দলীয়ভাবে নিষ্পত্তি হবে।
এদিকে, ঘটনাটি নিয়ে জেলা বিএনপির নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্ব সংকটের বহিঃপ্রকাশ হিসেবেই এ ধরনের ঘটনা সামনে আসছে, যা আগাম রাজনীতিতে নতুন প্রভাব ফেলতে পারে।






