ইরানের আকাশ প্রতিরক্ষায় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র

একদিনে দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি, প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে নতুন বার্তা তেহরানের
টুইট ডেস্ক: ইরান একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
দেশটির শীর্ষ সামরিক কর্তৃপক্ষ বলছে, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই এই সাফল্য অর্জন করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ভূপাতিত দুটি বিমানের একটি ছিল এফ-১৫ই যুদ্ধবিমান, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে সক্রিয় ছিল।
অপরটি এ-১০ যুদ্ধবিমান, যা প্রথম বিমানের ক্রুদের উদ্ধারে অভিযানে অংশ নেয়। একই দিনে দুটি বিমান ধ্বংসের ঘটনাকে তেহরান তাদের প্রতিরক্ষা সক্ষমতার বড় উদাহরণ হিসেবে তুলে ধরছে।
সামরিক মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি দাবি করেছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ‘গুরুতর বার্তা’।
তিনি বলেন, নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে ধাপে ধাপে মোতায়েন করা হচ্ছে এবং খুব শিগগিরই ইরান তার আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই দাবি শুধু সামরিক সাফল্যের ঘোষণাই নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে এমন একটি কৌশলগত বার্তাও বহন করছে।
বিশেষ করে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকেন্দ্রিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। ফলে ঘটনার বাস্তবতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা রয়ে গেছে।
এ অবস্থায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নির্ভর করবে পরবর্তী কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়ার ওপর।






