বাঘায় ডিবির অভিযানে ১৩০ বোতল স্কাপসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ১৩০ বোতল স্কাপসহ দুই মাদক কারবারি গ্রেফতার দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) ভোরে বাঘা থানার আলাইপুর মধ্যপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত আছান আলীর ছেলে মো. হামিদুল হক (৪২) এবং একই উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামের মৃত খাদেম আলীর ছেলে মো. চপল আলী (৩৭)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ডিবির এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে আলাইপুর মাদ্রাসা মোড় ও আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলাইপুর মধ্যপাড়া গ্রামের ইয়ার উদ্দিন মোল্লার বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তার সামনে দুই ব্যক্তি স্কাপ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ভোর ৫টা ১০ মিনিটে হামিদুল হকের দেহ তল্লাশি করে তার হাতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১৩০ বোতল স্কাপ উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত চপল আলীর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।






