তেলের লাইনে ভোটের কালি

সংকট ঠেকাতে তারাগঞ্জে আঙুলে চিহ্ন—একাধিকবার তেল নেওয়া বন্ধে প্রশাসনের কড়াকড়ি।

আব্দুল্লাহিল শাহীন: জ্বালানি তেলের সংকট মোকাবিলায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। তেল নিতে এলে মোটরসাইকেল চালকদের আঙুলে দেওয়া হচ্ছে কালি।

ভোটের সময় ব্যবহৃত পদ্ধতির আদলে চালু হওয়া এই ব্যবস্থা ইতোমধ্যে এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলের দীর্ঘ সারি। তেল সরবরাহের আগে প্রতিটি চালকের আঙুলে কালি দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এরপরই মিলছে জ্বালানি। ফলে একই ব্যক্তি দিনে একাধিকবার তেল নিতে পারছেন না।

উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, তেল নিতে আসা চালকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন এবং যানবাহনের বৈধ কাগজপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এতে করে অনিয়ম ও মজুদ প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যক্তি বারবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল সংগ্রহ করে বাইরে বেশি দামে বিক্রি বা মজুদ করার চেষ্টা করছিল। আঙুলে কালি দেওয়ার ফলে সেই সুযোগ কমে এসেছে।

তবে ভুক্তভোগী অনেক চালক এই ব্যবস্থাকে সাময়িকভাবে কার্যকর মনে করলেও দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার ওপর জোর দিয়েছেন।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, “একজন ব্যক্তি যাতে একাধিকবার তেল নিতে না পারেন, সে জন্য এনআইডি ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি আঙুলে কালি দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, উপজেলায় যেন কোনো ধরনের সিন্ডিকেট বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।