রাজশাহীতে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

রাজশাহীতে সংবাদ সম্মেলনে উত্তাপ, আদালতের রায় ঘিরে দ্বন্দ্ব তীব্র।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মতিহার থানার চৌদ্দপায় এলাকায় পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। একই স্থানে পরপর দুই পক্ষের সংবাদ সম্মেলন ঘিরে স্থানীয়ভাবে চরম উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিহাসের মোড়ে নিজস্ব জমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিবিদ মোঃ রজব আলী প্রতিপক্ষের অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার পিতা মৃত মজিবর রহমানের মালিকানাধীন ৪৩১৭ দাগের ৬ শতক জমি স্থানীয় প্রভাব খাটিয়ে দখল করে রেখেছেন খলিলুর রহমান।
তিনি অভিযোগ করেন, পৈতৃক এই জমি উদ্ধারের চেষ্টা করতে গেলে বারবার বাধা, হুমকি ও হামলার শিকার হতে হয়েছে তাদের পরিবারকে। ২০১৬ সালে ভবন নির্মাণের সময় তাদের জমির একাংশে সিঁড়ি নির্মাণ করা হলে প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হন তারা। এতে তার এক ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে পঙ্গুত্বের ঝুঁকিতে রয়েছেন বলে জানান তিনি।
রজব আলী আরও বলেন, তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত মোট ৪৪ শতক জমির মধ্যে ৪৩১৭ দাগে ৬ শতক এবং ৪৩১২ দাগে ৩৮ শতক অন্তর্ভুক্ত। তার অভিযোগ, খলিলুর রহমান ৪৩১২ দাগে বৈধভাবে ৪ শতক জমি কিনে ভবন নির্মাণ করলেও পাশের ৪৩১৭ দাগের জমি অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছেন।
তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে আদালতে গেলে সংশ্লিষ্ট খতিয়ান ও কাগজপত্র পর্যালোচনা শেষে আদালত তার পিতা মজিবর রহমানকে ৪৩১৭ দাগের জমির একক মালিক হিসেবে রায় প্রদান করেন। এরপরও জমি বুঝে নিতে গেলে প্রতিপক্ষ নানা কৌশলে তা এড়িয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে তিনি খলিলুর রহমানের কাছে উক্ত জমির বৈধ মালিকানা সংক্রান্ত কাগজপত্র উপস্থাপনের আহ্বান জানান। অন্যথায় জমিটি প্রকৃত মালিকদের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে প্রশাসনের কাছে জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন তার ভাই উজির আলী, নজির আলী, মিলন আলীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এর আগে, মঙ্গলবার (১ এপ্রিল) একই স্থানে সংবাদ সম্মেলন করে খলিলুর রহমানের পরিবার অভিযোগ করে, তাদের বৈধভাবে নির্মিত বাড়ি ও মার্কেট দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ মব সৃষ্টি করছে। তারা পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।
স্থানীয় সূত্র জানায়, উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল।






