ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা

জ্বালানি সাশ্রয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত, রোববার থেকে কার্যকর।

টুইট ডেস্ক: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর জন্য নতুন লেনদেন ও অফিস সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো আগের নিয়ম অনুযায়ী সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। এ ক্ষেত্রে পূর্বের নির্দেশনাও বহাল থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে সরকারের সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পাশাপাশি সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি সংকট মোকাবিলায় সময়সূচির এই সমন্বয় স্বল্পমেয়াদে কার্যকর হলেও দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য বিকল্প জ্বালানি ও দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে।