ঐক্যে জয়ের ধারা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন, তরুণদের সাফল্যে আশাবাদ

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেম ও দলগত চেতনায় উজ্জীবিত তরুণরা প্রমাণ করেছে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয়ের ধারা অব্যাহত থাকবে।

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে।

তিনি দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্য বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এবং তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াচ্ছে।