আমিন ধ্বনিতে শেষ চরমোনাই মাহফিল

লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মুনাজাত, শান্তি ও কল্যাণ কামনায় দোয়া

টুইট ডেস্ক: লাখো মুসল্লির ‘আমিন’ ধ্বনিতে আখেরি মুনাজাতের মাধ্যমে ঐতিহাসিক চরমোনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন শেষে এ বিশাল ধর্মীয় সমাবেশ শেষ হয়।

গত ১ এপ্রিল বাদ জোহর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করেন। সমাপনী বয়ানে তিনি আল্লাহভীতি অর্জন, আত্মশুদ্ধি, অহংকার পরিহার এবং ইসলামী জীবনব্যবস্থার প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মানুষকে কবরের জীবনের কথা স্মরণ রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রস্তুতি নিতে হবে। হিংসা-বিদ্বেষ পরিহার, রাগ নিয়ন্ত্রণ, নিয়মিত জিকির, গিবত থেকে বিরত থাকা এবং পরিবারে দ্বীনি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আখেরি মুনাজাতে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের সংকট নিরসন এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। পাশাপাশি চরমোনাইয়ের প্রয়াত মুরিদদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এবারের মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। তবে মাহফিলে অংশ নিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে প্রায় দুই হাজার মুসল্লিকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং দুইজন অমুসলিম ইসলাম গ্রহণ করেন।

বিশ্লেষকরা মনে করেন, চরমোনাইয়ের এই মাহফিল দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে সামাজিক ও আধ্যাত্মিক প্রভাব বিস্তার করে আসছে, যা মুসল্লিদের নৈতিক ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।