৩০ উপজেলায় হাম টিকাদান শুরু

৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের সুরক্ষায় বিশেষ কর্মসূচি রোববার সকাল থেকে।
টুইট ডেস্ক: দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় শিশুদের জন্য হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
রোববার সকাল ৯টা থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার বেলা সোয়া ১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের লক্ষ্য করে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় হাম রোগের ঝুঁকি বিবেচনায় এনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, নির্ধারিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে বরগুনা সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুর সদর ও হাইমচর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ; গাজীপুর সদর; যশোর সদর; ঝালকাঠির নলছিটি; মাদারীপুর সদর; মুন্সিগঞ্জ সদর,
শ্রীনগর ও লৌহজং; ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর; নাটোর সদর; নেত্রকোনার আটপাড়া; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট; পাবনার সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, টিকাদান কর্মসূচি সফল করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যন্ত এলাকাতেও শিশুদের আওতায় আনতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, অভিভাবকদের সচেতন অংশগ্রহণ ছাড়া এই কর্মসূচির সফলতা সম্ভব নয়। তিনি নির্ধারিত বয়সসীমার সব শিশুকে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা নিশ্চিত করার আহ্বান জানান।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা সম্ভব। তাই এ ধরনের লক্ষ্যভিত্তিক কর্মসূচি শিশুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






