কৃষিতে জ্বালানি নিশ্চিতে সরকারের জোর তৎপরতা

ডিজেল-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি, কৃত্রিম সংকটে কঠোর অবস্থান

টুইট ডেস্ক: কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেছেন, বৈশ্বিক বাজারে তেলের মূল্য অস্থির থাকলেও দেশের অভ্যন্তরে সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, বোরো মৌসুমকে সামনে রেখে পাট, ধান ও ভুট্টা চাষে সেচ কার্যক্রম সচল রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

কৃষকদের উৎপাদন ব্যাহত না হয়, সে লক্ষ্যে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থির করার চেষ্টা করছে।

এ ধরনের অপতৎপরতা দমনে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

নদীভাঙন পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় ভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘শূন্য সহনশীলতা’ নীতি পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে খাল খননসহ সব উন্নয়ন কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফর শেষে প্রতিমন্ত্রী সড়কপথে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন।