বিয়ে-অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ, কমলো অফিস সময়

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কড়াকড়ি নির্দেশনা, সন্ধ্যা ৬টার পর বন্ধ দোকানপাট।

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে বিয়েসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, কোনো ধরনের বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর দেশের সব শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে রাতে বিদ্যুতের চাহিদা কমবে বলে মনে করছে সরকার।

অফিস সময়েও আনা হয়েছে পরিবর্তন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার থেকে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফলে দৈনিক কর্মঘণ্টা এক ঘণ্টা কমে সাত ঘণ্টা হয়েছে।

সরকার বলছে, এ সিদ্ধান্তের ফলে যাতায়াত ও অফিসে বিদ্যুৎ ব্যবহারের সময় কমবে, যা সামগ্রিকভাবে জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আরও নতুন সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সরকার। একই সঙ্গে এই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার জন্য সকল নাগরিক ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়েছে।