ফাইনালের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার লক্ষ্য লাল-সবুজের।
টুইট ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ–এর মেগা ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
শুক্রবার (৩ এপ্রিল) মালে জাতীয় ফুটবল স্টেডিয়াম–এ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই শিরোপা নির্ধারণী ম্যাচ।
গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে দু’দলই জয় পেয়েছিল। তবে নিজেদের মুখোমুখি লড়াইটি ১-১ গোলে ড্র হয়। তাই ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে জমজমাট এক প্রতিশোধের লড়াই।
সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ, অন্যদিকে ভুটানকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
বাংলাদেশ দলের হেড কোচ মার্ক কক্স প্রতিপক্ষকে শক্তিশালী হিসেবে স্বীকার করলেও নিজের দলের ওপর পূর্ণ আস্থা রাখছেন। অধিনায়ক মিঠু চৌধুরী–ও জানিয়েছেন, দল হিসেবে খেলেই নতুন ইতিহাস গড়তে চান তারা।
এর আগে বয়সভিত্তিক বিভিন্ন আসরে সম্ভাবনা দেখিয়েও শেষ পর্যন্ত হতাশ হয়েছে বাংলাদেশ। তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের দল।
উল্লেখ্য, ২০২৪ সালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। যদিও ২০২২ সালে ফাইনালে ভারতের কাছে হারের অভিজ্ঞতা রয়েছে। তাই এবারের ফাইনালটি বাংলাদেশের জন্য প্রতিশোধের মঞ্চ হিসেবেও দেখা হচ্ছে।






