পাকিস্তানে জ্বালানি তেলের দামে রেকর্ড উল্লম্ফন

এক ধাক্কায় পেট্রোল ৪৩% ও ডিজেল ৫৫% বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পাকিস্তান–এও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেছে। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন ঘোষণায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১৩৭ রুপি বেড়ে ৪৫৮.৪ রুপিতে পৌঁছেছে, যা প্রায় ৪৩ শতাংশ বৃদ্ধি। একই সঙ্গে হাই-স্পিড ডিজেলের দাম ১৮৫ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৫২০.৩৫ রুপিতে—যা দেশটির ইতিহাসে অন্যতম বড় মূল্যবৃদ্ধি।

এছাড়া কেরোসিনের দাম লিটারপ্রতি ৩৪ রুপি বেড়ে ৪৬৮ রুপি এবং লাইট ডিজেল অয়েলের দাম ৩০ রুপি বেড়ে ৩৯৫ রুপিতে নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৬ মার্চও পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৫৫ রুপি বাড়ানো হয়েছিল।

দেশটির জ্বালানিমন্ত্রী আলি পারভেজ মালিক জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে পড়েছে। তার মতে, যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার প্রভাবেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

তবে মূল্যবৃদ্ধির চাপ মোকাবিলায় নিম্নআয়ের মানুষ, কৃষক, মোটরসাইকেল চালক ও গণপরিবহন খাতের জন্য সীমিত ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

বিশ্লেষকরা বলছেন, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে পাকিস্তান বৈশ্বিক বাজারের ধাক্কা সরাসরি অনুভব করছে। বিশেষ করে হরমুজ প্রণালি–নির্ভর সরবরাহ ব্যবস্থায় সামান্য বিঘ্ন ঘটলেও তার প্রভাব দ্রুতই দেশটির বাজারে পড়ে।