হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাসার দরজা ভেঙে উদ্ধার, বিষক্রিয়ায় আত্মহত্যার প্রাথমিক ধারণা
টুইট ডেস্ক: রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানিয়েছেন, সীমান্ত বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তিনি রাজধানীর ওই বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন।
নিহতের চাচা রুহুল আমিন জানান, রাত ৯টার পর থেকে সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে রুমমেট বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া যায়। এতে পরিবারের ধারণা, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।






